ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে পৌঁছানোর পর বিমান থেকেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ কে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার সকালে দিল্লিতে অবতরণের পরপরই পুলিশের একটি দল বিমানে প্রবেশ করে তাঁকে আটক করে। এ সময় সিজেপির আরও দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও আটক করা হয়। বিমানের ভেতরে পুলিশি অভিযানের সময় অভিজিৎ দীপকে ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার করেন। তাঁর প্রকাশ করা ভিডিওতে বিমানের ভেতরে পুলিশের সঙ্গে সিজেপি সদস্যদের উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়।
ভিডিওতে দীপকে নারী পুলিশ সদস্যদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনারা আমাদের বিমান থেকে নামা পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। আসুন, আমাদের গ্রেপ্তার করুন। আমরা ভয় পাই না।’
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও নির্বাচনি ব্যবস্থা সংস্কারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে নেতৃত্ব দিতে শনিবার সকালে মুম্বাই থেকে দিল্লি যান দীপ।
এদিকে, বিমান থেকে সরাসরি দলের প্রতিষ্ঠাতা ও দুই সদস্যকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে সিজেপি। এক বিবৃতিতে সংগঠনটি এ ঘটনাকে ‘কর্তৃত্ববাদী আটক’ বলে অভিহিত করেছে।
এর আগে শনিবার সকালে ইউটিউবার ধ্রুব রাঠি এবং সিজেপির আইনবিষয়ক সেলের প্রধান রত্না সিংকেও তাঁদের নিজ নিজ বাসা থেকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিক্ষোভে তাঁদের অংশগ্রহণ ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, বিক্ষোভ কর্মসূচির অনুমতি চেয়ে যথেষ্ট আগে আবেদন করা হয়নি। এ কারণ দেখিয়ে শুক্রবারই কর্মসূচির অনুমতি প্রত্যাখ্যান করে পুলিশ।
বিক্ষোভ ঠেকাতে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। রাতভর দিল্লির বিভিন্ন এলাকা থেকে ৪০০ জনের বেশি সন্দেহভাজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে এবং কয়েক ডজন ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় সরকার পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ২০ হাজারের বেশি সদস্য মোতায়েন করেছে।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং নির্বাচনি ব্যবস্থা সংস্কারের দাবিতে সিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে এসব পদক্ষেপের মধ্যেও বিক্ষোভকারীদের কর্মসূচি কীভাবে এগোবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
সূত্র: এনডিটিভি