আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতিতে মৌলিক কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর মতে, দুই দলের রাজনীতিতেই পুরোনো ক্ষমতাকাঠামো ও পারিবারিক প্রভাবের চর্চা রয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য খোঁজার কোনো লাভ নেই। তাঁর দাবি, শেখ হাসিনা ও তারেক রহমানের রাজনীতিও পুরোনো ক্ষমতাকাঠামোর দুটি ভিন্ন রূপ। দল দুটির নাম ও প্রতীক আলাদা হলেও সংস্কারের বিষয়ে অনীহা এবং পারিবারিক প্রভাবের বলয়ে দল পরিচালনার সংস্কৃতিতে মিল রয়েছে।
তিনি আরও লেখেন, বাংলাদেশ কোনো পরিবার, দল বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়। জুলুম, দখলদারিত্ব, স্বেচ্ছাচারিতা ও পারিবারিক রাজনৈতিক আধিপত্যের পুরোনো কাঠামো ভেঙে জনগণের মালিকানা, গণতন্ত্র ও জবাবদিহি প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যেতে হবে।
রূপক/ 27.09.26