কুমিল্লায় বাসা থেকে নিখোঁজ হওয়ার একদিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা নাহিদের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লার কোটবাড়ী এলাকার ওই স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান।
মরদেহ উদ্ধারের সময় অপ্রতিমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে। কীভাবে তার মৃত্যু হয়েছে এবং কীভাবে সে ওই জঙ্গলে পৌঁছাল তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।
শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল সে
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার পর থেকে অপ্রতিমের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না বলে জানান তার মা ড. নাহিদা নাহিদ।
জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ী এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি সে।
অপ্রতিম স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ছেলের সন্ধান না পেয়ে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাছের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়ায় ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং অপ্রতিম কীভাবে ওই স্থানে পৌঁছেছিল, তা নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তের পরই পরিষ্কার হবে।
রূপক- 19/09/26