কিশোরগঞ্জে যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা
কিশোরগঞ্জের ভৈরবে পৌর যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. আল আমিন সৈকতকে (৪০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভৈরব পৌর শহরের টিনপট্টি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে টিনপট্টি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে অবস্থান করছিলেন আল আমিন সৈকত। এ সময় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, টিনপট্টি এলাকায় দুর্বৃত্তদের হামলায় ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আল আমিন সৈকত গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। কী কারণে এবং কারা এই হামলা চালিয়েছে, তা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা চলছে।