রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের আগে স্পিকারের সঙ্গে বৈঠক করবে ইসি
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেবে নির্বাচন কমিশন (ইসি)। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার (২৬ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে স্পিকারের কাছে সময় চাওয়া হবে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নির্বাচনী বিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেই ধারাবাহিকতায় ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে কমিশনের একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত আইন ও বিধিবিধান পর্যালোচনা করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, তফসিল ঘোষণার আগে ও পরে করণীয় বিষয়গুলো নির্ধারণের লক্ষ্যে স্পিকারের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এ প্রক্রিয়ার অংশ হিসেবে সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। সেই তালিকার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করবে ইসি।
এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম নির্ধারণে স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।