সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ৭ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)।
সোমবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জি-স্কপের যুগ্ম আহ্বায়ক বাচ্চু মিয়া ও আসাদুজ্জামান চৌধুরী নিহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
জি-স্কপ চার দফা দাবি তুলে ধরে। দাবিগুলো হলো– আশুলিয়ার এই মর্মান্তিক দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে দ্রুত একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করতে হবে; তদন্তে দায়িত্বে অবহেলা, নিরাপত্তাবিধি লঙ্ঘন বা কোনো ধরনের অনিয়মের প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে; নিহত প্রত্যেকের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং আহতদের বিনামূল্যে উন্নত চিকিৎসা ও এর সম্পূর্ণ ব্যয়ভার বহন করতে হবে; এবং আশুলিয়াসহ দেশের সব শিল্পাঞ্চলে জরুরি ভিত্তিতে অগ্নি ও বিস্ফোরণ ঝুঁকি পরিদর্শন করতে হবে।
পাশাপাশি গ্যাস সিলিন্ডারসহ দাহ্য ও ঝুঁকিপূর্ণ পদার্থের পরিবহন, সংরক্ষণ ও ব্যবহারে কঠোর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সরকারি সংস্থাগুলোর নিয়মিত তদারকি ও জবাবদিহি বাড়াতে হবে।