মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ
মাগুরার আট বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা হওয়ার কথা আজ। এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হওয়ার পর রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত রোববার (২৩ আগস্ট) উভয় পক্ষের শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন।
এর আগে একই দিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। শুনানি শেষে আদালত রায়ের জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করেন।
২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ মামলার রায় দেন। রায়ে মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও গুরুতর নির্যাতনের শিকার হয় শিশু আছিয়া। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে মাগুরা এবং পরে ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়।
শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মারা যায় আছিয়া। আছিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশজুড়ে প্রতিবাদ ও আন্দোলন শুরু হয়। মামলাটির বিচারপ্রক্রিয়া ও হাইকোর্টের রায়ের দিকে এখন নজর রয়েছে সংশ্লিষ্টদের।