সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ
সরকারি দাপ্তরিক কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে বিদ্যমান আইন, বিধি-বিধান এবং সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
গত ২৮ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স-২ শাখা থেকে জারি করা এ-সংক্রান্ত একটি চিঠি সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সরকারি বিভিন্ন দপ্তরে দাফতরিক কাজের গতি, দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে এআইভিত্তিক বিভিন্ন টুলের ব্যবহার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তবে এসব প্রযুক্তি ব্যবহারে অসতর্কতা দেখা দিলে সরকারি গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্য অননুমোদিতভাবে প্রকাশ বা তৃতীয় পক্ষের কাছে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
এ পরিস্থিতিতে সরকারি কাজে এআই ব্যবহার করার সময় তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ আরও জানিয়েছে, এআই ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত আইন, বিধিমালা এবং সরকারের জারি করা নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে। প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি সরকারি তথ্যের সুরক্ষা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব শেখ জোবায়ের আহমেদের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এ উদ্দেশ্যে সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।