নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে কূটনৈতিক ব্যস্ততার মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত ও বহুমাত্রিক করার বিষয়ে একমত হন দুই নেতা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ প্লাজায় অবস্থিত তুর্কি হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক বৈঠকের তথ্য জানান।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। বিশেষ করে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে চলমান সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ নিয়ে মতবিনিময় হয়।
পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও আলোচনা করেন তারা। দুই দেশের অভিন্ন স্বার্থ ও অগ্রাধিকারের জায়গাগুলোতে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক স্বার্থকে ভিত্তি করে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট এরদোয়ান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন। এরই ধারাবাহিকতায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিলস-আইমের সঙ্গেও তার বৈঠক হয়েছে।
বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে আলোচনায় বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়ন সহযোগিতার বিষয় উঠে আসে। একই সঙ্গে দেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহায়তা আরও জোরদার এবং ভবিষ্যৎ অংশীদারত্বের পরিধি বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
এ ছাড়া জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। বৈঠকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিলস-আইমের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও হাইতির দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন তারেক রহমান। দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতার পরিধি বাড়ানোর পাশাপাশি সম্পর্কের নতুন ক্ষেত্র উন্মোচনের সম্ভাবনাও আলোচনায় আসে।