লক্ষ্মীপুরে সেনাবাহিনীর পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, গ্রেপ্তার-০২
লক্ষ্মীপুরের রায়পুরে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে সড়কে যানবাহন থামিয়ে তল্লাশি ও চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন শাকিল হাওলাদার (৩০) ও সবুজ মিয়া (২৮)। পুলিশ জানিয়েছে, সবুজ মিয়া রায়পুর উপজেলার চরআবাবিল এলাকার রুহুল আমিনের ছেলে। অপরজনের পরিচয় মাদারীপুরের চরহোগলাতিয়া এলাকার খলিল হাওলাদরের ছেলে হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে লক্ষ্মীপুর-রায়পুর সড়কে দুই ব্যক্তি নিজেদের সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে গাড়ির কাগজপত্র যাচাইয়ের কথা বলে চালক ও সংশ্লিষ্টদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে।
বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা দুজনকে আটক করেন। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ওয়াকিটকি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আটক দুই ব্যক্তি নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে সড়কে চাঁদাবাজি ও গাড়ি তল্লাশি করছিলেন। স্থানীয়দের সন্দেহের পর তাদের আটক করে পুলিশের কাছে দেওয়া হয়।
ওসি আরও বলেন, তারা ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।
ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।