প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পূরণ হলো অনুশ্রীর স্বপ্ন, উপহার পেল হারমোনিয়াম
রংপুরের গঙ্গাচড়া উপজেলার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায়ের দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মাধ্যমে। সংগীতচর্চার জন্য প্রধানমন্ত্রীর কাছে চাওয়া হারমোনিয়ামও উপহার হিসেবে পেয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্ত এই ক্ষুদে শিক্ষার্থী।
অনুশ্রী রায় পূর্ব নবনিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় সে দেশের গানে প্রথম এবং নজরুলসংগীতে তৃতীয় স্থান অর্জন করে।
বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা-মাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে অনুশ্রী। এ সময় প্রধানমন্ত্রী তার হাতে একটি হারমোনিয়াম তুলে দেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ জানান, গত ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে অনুশ্রী প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি চিঠি লিখেছিল। চিঠিতে সে সংগীতচর্চার প্রতি নিজের আগ্রহের কথা জানিয়ে একটি হারমোনিয়াম এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করে। পরে প্রধানমন্ত্রী চিঠিটি পড়ে অনুশ্রী ও তার পরিবারকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে অনুশ্রী জানায়, সে কখনো কল্পনাও করেনি যে তার লেখা চিঠি প্রধানমন্ত্রীর হাতে পৌঁছাবে এবং তিনি সাক্ষাতের জন্য ডাকবেন। পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কারণে একটি হারমোনিয়াম কেনা সম্ভব ছিল না বলেই সে চিঠির মাধ্যমে বিষয়টি জানিয়েছিল।
সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তার সংগীতচর্চার খোঁজখবর নেন এবং নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে উৎসাহ দেন। পাশাপাশি অনুশ্রীর অনুরোধ অনুযায়ী একটি হারমোনিয়াম উপহার দেন। এ সময় অনুশ্রী প্রধানমন্ত্রীর সামনে একটি দেশাত্মবোধক গানও পরিবেশন করে।
অনুশ্রীর বাবা জানান, প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন স্নেহ ও উৎসাহ পাওয়ার বিষয়টি তাদের পরিবারের জন্য ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। তারা এ সম্মান ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিবারের সদস্যদের আশা, প্রধানমন্ত্রীর এই উৎসাহ অনুশ্রীর সংগীতচর্চায় নতুন অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যতে একজন প্রতিষ্ঠিত সংগীতশিল্পী হিসেবে গড়ে উঠতে তাকে সাহস ও প্রেরণা দেবে।