কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের অন্যতম আসামি মোজাম্মেল হোসেন ফাহাদ শিশুটির বাবার মোবাইল সরঞ্জামাদি ব্যবসা প্রতিষ্ঠানের ডেলিভারিম্যান। দুই সপ্তাহ আগে ১৪ হাজার টাকা মাসিক বেতনে তিনি কাজে যোগ দেন। তবে, এখনো তার সঙ্গে চুক্তিপত্র হয়নি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আইফোন ছিনিয়ে নিতেই ধস্তাধস্তির সময় বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমকে প্রথম আঘাত করেন মূল পরিকল্পনাকারী সাইফুল ইসলাম তুহিন (১৯), এরপরই আঘাত করেন ফাহাদ। তারপর মো. কামরুল হাসান (১৬)।
তারা দোষ স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন। তুহিন, ফাহাদ ও কামরুল পুলিশকে জানিয়েছেন, আইফোনটি ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা করা হয়েছে। অপ্রতিমের বাবাও তাই মনে করছেন। তার অন্য কোনো অভিযোগ নেই।
সোমবার (২১ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে অপ্রতিমের বাবা ব্যবসায়ী কেএম ফিরোজ শাহরিয়ার জানান, তার বাবার মোবাইল সরঞ্জামাদির শোরুম রয়েছে কুমিল্লা ক্যান্টনমেন্ট মার্কেটে। নাম ইয়েসটেক। অপ্রতিমের বাসা কোটবাড়ি গন্ধমতি এলাকায়। ঘাতক ফাহাদও কাছাকাছি একই এলাকার বাসিন্দা।