টাঙ্গাইলে ভয়াবহ আগুনে পুড়ল ৬ দোকান, ক্ষতি সাড়ে ১৬ লাখ টাকা
টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সহদেবপুর ইউনিয়নের পৌজান বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রাথমিকভাবে প্রায় সাড়ে ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টা ৮ মিনিটের দিকে পৌজান বাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে কালিহাতী ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রাথমিকভাবে জানা গেছে, বাজারের সজল চন্দ্র সাহা ও গৌতম কুমার দেবের মুরগির ফিডের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে একে একে ছয়টি দোকান আগুনের গ্রাসে পড়ে।
অগ্নিকাণ্ডে সজল চন্দ্র সাহা ও গৌতম কুমার দেবের মুরগির ফিডের দোকান, বাবু মিয়ার টেলিভিশন মেরামতের দোকান, আব্দুল কাদেরের জুতার দোকান, রাজীব কুমারের সেলুন, সোহেল রানার মুরগির ফিডের দোকান এবং সাধন চন্দ্র সাহার মনোহারি দোকান পুড়ে যায়। এলেঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আতাউর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর প্রায় ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে আরও যাচাই-বাছাই চলছে।
স্থানীয়দের ভাষ্য, বাজারে রাতের বেলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরি হয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন আশপাশের আরও দোকানে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পেয়েছে।