পিআইও কার্যালয়ের কর্মচারীর বাসা থেকে বিপুল সরকারি ত্রাণ উদ্ধার
ফেনীর ফুলগাজীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয়ের এক কর্মচারীর ভাড়া বাসা থেকে বন্যাকবলিত মানুষের জন্য বরাদ্দ করা বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়েছে। এসব পণ্য অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ফুলগাজী বাজার এলাকার দক্ষিণ শ্রীপুরে একটি বহুতল ভবনের নিচতলায় অভিযান চালিয়ে ত্রাণসামগ্রীগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাসায় ভাড়া থাকতেন ফুলগাজী উপজেলা পিআইও কার্যালয়ের অফিস সহকারী আব্দুল বাকের। তিনি নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের আমিনউল্লাহর ছেলে।
বাসায় মিলল চাল-ডাল-তেলসহ নানা পণ্য
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২০২৪ সালের বন্যার সময় বিতরণের জন্য আসা সরকারি ত্রাণসামগ্রী ওই বাসায় মজুদ করে রাখার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে বাসার বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ৩০০ কেজি চাল, ৩২ লিটার সয়াবিন তেল, ৩০ কেজি লবণ, ৩০ কেজি চিনি ও ৩৩ কেজি মসুর ডাল উদ্ধার করা হয়। এ ছাড়া ২০০ গ্রাম ওজনের ৩০ প্যাকেট হলুদের গুঁড়া, ১০০ গ্রাম ওজনের ৩২ প্যাকেট মরিচের গুঁড়া এবং একই ওজনের ৩১ প্যাকেট ধনিয়ার গুঁড়াও পাওয়া যায়। সব মিলিয়ে ১০ বস্তা ত্রাণের প্যাকেট ও তিন বস্তা শুকনো খাবারের প্যাকেট উদ্ধার করা হয়েছে।
তদন্তের পর ব্যবস্থা
অভিযানে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউসার হামিদ, পুলিশের সদস্য এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইউএনও মোহাম্মদ কাউসার হামিদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাঁরা ওই বাসায় অভিযান চালান। উদ্ধার করা ত্রাণসামগ্রী ২০২৪-২৫ সালের বন্যার সময় সাধারণ মানুষের মধ্যে বিতরণের জন্য এসেছিল।
তিনি বলেন, উদ্ধার করা পণ্যগুলোতে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী রয়েছে। বর্তমানে ত্রাণসামগ্রীগুলো থানায় রাখা হয়েছে। বিষয়টি আরও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।