দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড শেষে এদিন গাজী নজরুল ইসলামকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অন্যদিকে তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর একই আদালত আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ইসলামকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। তারও আগে ২১ সেপ্টেম্বর তাঁকে চার দিন এবং তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত।
মামলার তথ্য অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। পরে ২৩ সেপ্টেম্বর ওবায়দুর রহমানকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
#BangladeshNews #CourtNews #Dhaka