কুমিল্লায় নির্মমভাবে নিহত স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের সঙ্গে ফোনে কথা বলে শোক ও সমবেদনা জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে প্রধানমন্ত্রীর সঙ্গে অপ্রতিমের বাবার ফোনালাপের দৃশ্য দেখা গেছে। কথোপকথনে প্রধানমন্ত্রী শোকাহত পরিবারের খোঁজ নেন এবং অপ্রতিমের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
এ সময় অপ্রতিমের বাবা ছেলের হত্যাকাণ্ডের পর পরিবারের দুরবস্থা ও মানসিক অবস্থার কথা তুলে ধরেন। তিনি সন্তানের হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী পরিবারটির প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন বলে ভিডিওতে দেখা যায়। একই সঙ্গে অপ্রতিমের মায়ের শারীরিক ও মানসিক অবস্থারও খোঁজ নেন তিনি।
১৩ বছর বয়সী অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান। গত ১৮ সেপ্টেম্বর বিকেলে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সে। পরদিন কুমিল্লার সদর দক্ষিণের সানন্দা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় পুলিশ ইতোমধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ ও আটক করেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অপ্রতিমের হত্যাকাণ্ডের পর বিভিন্ন রাজনৈতিক নেতা ও সংগঠনের পক্ষ থেকেও পরিবারের সঙ্গে যোগাযোগ করে সমবেদনা জানানো হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি উঠেছে।
রূপক/ 23-09-26