ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ ও পাউরুটি খেয়ে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। খাবার খাওয়ার পরপরই শিক্ষার্থীদের পেটব্যথা, বমি ও অসুস্থতা শুরু হয়। কয়েকজন শিক্ষার্থী জ্ঞানও হারায় বলে জানা গেছে। চিকিৎসকদের ধারণা, খাদ্যে বিষক্রিয়ার কারণে এ অসুস্থতা হয়ে থাকতে পারে।
আজ সোমবার দুপুরে উপজেলার মধুপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুলসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্য গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিড ডে মিলের দুধ ও পাউরুটি খায়। এরপর একে একে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তে শুরু করে।
অসুস্থ শিক্ষার্থীদের কয়েকজনের তীব্র পেটব্যথা ও বমি শুরু হয়। কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেললে শিক্ষক ও অভিভাবকেরা দ্রুত তাদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে সরবরাহ করা খাবারের মান নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছিল। তবে বিষয়টি নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এবার একসঙ্গে অনেক শিক্ষার্থী অসুস্থ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তুষার চন্দ্র সিংহ বলেন, অসুস্থ শিক্ষার্থীদের অনেকেই একাধিকবার বমি করেছে। তাদের হাসপাতালে রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস বলেন, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা চলছে। খাবার সরবরাহকারী ভেন্ডর প্রতিষ্ঠানকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ নিশ্চিত করতে দুধ ও পাউরুটির নমুনা পরীক্ষা করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অরণ্য- 21/06/26