শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল
শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সেবা আরও সহজলভ্য করতে বিশেষ অফার ঘোষণা করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ‘ব্যাক টু স্কুল’ কর্মসূচির আওতায় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের এক বছরের জন্য বিনামূল্যে গুগল এআই প্রো ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে। এর সঙ্গে মিলবে ৪০০ জিবি ক্লাউড স্টোরেজসহ বেশ কয়েকটি অতিরিক্ত সুবিধা।
গত শুক্রবার বিশ্বব্যাপী এ অফার চালু করার ঘোষণা দেয় গুগল। অফারের আওতায় শিক্ষার্থীরা জেমিনি এআই-এর উন্নত সংস্করণ ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি সাধারণ ব্যবহারকারীদের তুলনায় বেশি ব্যবহারের সীমা, অতিরিক্ত ক্লাউড স্টোরেজ এবং বিভিন্ন প্রিমিয়াম সুবিধা উপভোগ করতে পারবেন। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য গুগল এআই প্রো এবং ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ও রাখা হয়েছে।
কারা পাবেন এই সুবিধা?
বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরাও এই অফারের আওতায় বিনামূল্যে গুগল এআই প্রো ব্যবহার করতে পারবেন। তবে এজন্য কয়েকটি শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীর একটি ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। পাশাপাশি বাংলাদেশের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার প্রমাণ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রদত্ত পরিচয়পত্র বা সংশ্লিষ্ট নথি জমা দিতে হবে। আবেদনকারীর বয়সও কমপক্ষে ১৮ বছর হতে হবে।
যেভাবে আবেদন করবেন
অফারটি গ্রহণ করতে প্রথমে ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টে লগইন করে গুগলের স্টুডেন্ট অফার পেজে প্রবেশ করতে হবে।
এরপর ‘Get Student Offer’ অপশনে ক্লিক করে দেশ হিসেবে বাংলাদেশ নির্বাচন করতে হবে। পরবর্তী ধাপে বিশ্ববিদ্যালয়ের নাম ও নিজের তথ্য যুক্ত করতে হবে।
এরপর শিক্ষার্থী পরিচয়পত্র অথবা সর্বশেষ সেমিস্টার ফি পরিশোধের রসিদের ছবি আপলোড করে আবেদন জমা দিতে হবে। তথ্য যাচাই শেষে গুগল আবেদন অনুমোদনের বিষয়টি নিশ্চিত করবে। সবশেষে একটি আন্তর্জাতিক লেনদেন-সক্ষম পেমেন্ট কার্ড যুক্ত করতে হবে। অফারটি সম্পূর্ণ বিনামূল্যে হলেও অ্যাকাউন্ট সক্রিয় করার জন্য ডুয়াল-কারেন্সি ডেবিট বা ক্রেডিট কার্ড, কিংবা ভার্চুয়াল ডলার কার্ড প্রয়োজন হতে পারে। তবে ১২ মাসের ট্রায়াল চলাকালে কার্ড থেকে কোনো অর্থ কাটা হবে না বলে জানিয়েছে গুগল।
জেমিনি প্রোতে কী সুবিধা মিলবে?
জেমিনি প্রো গুগলের সবচেয়ে উন্নত এআই সেবাগুলোর একটি। এটি দ্রুত তথ্য বিশ্লেষণ, কোডিং, গাণিতিক সমস্যা সমাধান, গবেষণাধর্মী কাজ এবং জটিল বিষয় সহজভাবে ব্যাখ্যা করতে সক্ষম। এআই টুলটি ব্যবহার করে শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট, প্রতিবেদন, উপস্থাপনা, নোট প্রস্তুত, কুইজ তৈরি এবং বিভিন্ন শিক্ষামূলক কনটেন্টের খসড়া তৈরিতে সহায়তা নিতে পারবেন।
পড়াশোনার জন্য যুক্ত হয়েছে নতুন ফিচার
শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে জেমিনিতে নতুন কিছু ফিচার যুক্ত করেছে গুগল। নতুন ‘স্টুডেন্ট হাব’ সুবিধার মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসের নোট, সিলেবাস ও অন্যান্য শিক্ষাসামগ্রী আপলোড করতে পারবেন। এরপর জেমিনি সেই তথ্য বিশ্লেষণ করে ব্যক্তিগতকৃত স্টাডি নোট, সংক্ষিপ্ত পাঠ এবং অনুশীলনী কুইজ তৈরি করবে।
এ ছাড়া শিক্ষার্থীদের শেখার অগ্রগতি পর্যবেক্ষণ, জটিল বিষয় বোঝাতে ত্রিমাত্রিক ভিজ্যুয়াল, ইন্টারঅ্যাকটিভ সিমুলেশন এবং তথ্যভিত্তিক টেবিল তৈরির সুবিধাও যুক্ত করা হয়েছে। বিজ্ঞান, গণিত ও প্রযুক্তিসহ বিভিন্ন জটিল বিষয়ে ধারণা অর্জনে এসব ফিচার শিক্ষার্থীদের সহায়তা করবে বলে মনে করছে গুগল।
পাশাপাশি জেমিনি লাইভের সঙ্গে ‘ডিপ রিসার্চ’ সুবিধাও যুক্ত করা হচ্ছে, যা গবেষণামূলক কাজকে আরও সহজ করবে।
গুগল জানিয়েছে, শিক্ষার্থীদের জন্য বিশেষ এই অফার ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চালু থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য শিক্ষার্থীরা আবেদন করে বিনামূল্যে সুবিধাগুলো গ্রহণ করতে পারবেন।