বর্তমান বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতা’ আয়োজন করতে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। উপজেলা পর্যায় থেকে শুরু হতে যাওয়া এ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে ২ লাখ টাকা।
রোববার (১৮ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিযোগিতাটি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে। তিনটি গ্রুপে প্রতিযোগীরা অংশ নিতে পারবে। ‘ক’ গ্রুপে তাজবীদসহ ১০ পারা হিফযে অনূর্ধ্ব ১২ বছর, ‘খ’ গ্রুপে ২০ পারা হিফযে অনূর্ধ্ব ১৫ বছর এবং ‘গ’ গ্রুপে পূর্ণ ৩০ পারা হিফযে অনূর্ধ্ব ১৮ বছর বয়সীরা অংশ নিতে পারবে।
জাতীয় পর্যায়ে প্রতি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে ২ লাখ, ১ লাখ ৫০ হাজার ও ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে। তিনটি গ্রুপে মোট নয়জন বিজয়ীকে দেওয়া হবে ১৩ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া জেলা ও বিভাগীয় পর্যায়েও পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সাদা কাগজে লিখিত আবেদন সংশ্লিষ্ট জেলা বা উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে জমা দিয়ে নিবন্ধন করতে হবে। নভেম্বর মাসজুড়ে নিবন্ধন চলবে।
আগামী ১ ডিসেম্বর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে। আগামী বছরের এপ্রিল মাসে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে সর্বোচ্চ পাঁচজন প্রতিযোগী অংশ নিতে পারবে।
#QuranCompetition #HifzCompetition #IslamicFoundation #BangladeshNews #Aronno_News