যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১২ অক্টোবর) দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিমানবন্দরে পৌঁছানোর পর একদল ব্যক্তি তাকে লক্ষ্য করে স্লোগান দেন এবং বিভিন্ন মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসা ড. ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজনকে উচ্চস্বরে স্লোগান দিতে ও ক্ষোভ প্রকাশ করতে। এ সময় তাদের ‘ইউ আর আ টেররিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলেও চিৎকার করতে শোনা যায়। পরে নিরাপত্তাকর্মীরা তাকে দ্রুত ওই স্থান থেকে সরিয়ে নেন।
ভিডিওতে থাকা ব্যক্তিদের আওয়ামী লীগ ও যুবলীগের প্রবাসী নেতাকর্মী ও সমর্থক হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তাদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে, ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ড. ইউনূসের নিউইয়র্ক সফরের সময়ও জেএফকে বিমানবন্দরে আওয়ামী লীগ-সমর্থক প্রবাসীদের বিক্ষোভের ঘটনা ঘটে। ওই সময় তার সফরসঙ্গীদের লক্ষ্য করেও স্লোগান দেওয়া হয়। একই সফরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেনের দিকে ডিম ছোড়ার ঘটনাও ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।