মাদারীপুর জেলা ও দায়রা জজের সরকারি বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে শহরের শকুনি লেকপাড় এলাকায় এ ঘটনা ঘটে। একই স্থানে বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ হওয়ার কথা থাকায় ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।
বিস্ফোরণের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে তদন্ত চলছে।
মঙ্গলবার বিকেল ৪টায় বিচারকের বাসভবনের সামনের স্বাধীনতা অঙ্গনে এনসিপির সমাবেশ হওয়ার কথা রয়েছে। এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, সমাবেশকে কেন্দ্র করে ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। এনসিপির কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ বিরোধ থেকেও এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।