বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও কৃতি স্যাননকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান ট্রলিংয়ের প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। তাঁর মতে, এই দুই অভিনেত্রীর ব্যক্তিগত পছন্দ নিয়ে সমালোচনা করার আগে চলচ্চিত্রশিল্পে তাঁদের অবদান বিবেচনা করা উচিত। অন্যের জীবন ও সিদ্ধান্তকে সম্মান জানানোর আহ্বানও জানিয়েছেন তিনি।
নিজের নতুন সিনেমা ‘পূজা মেরি জান’-এর প্রচারে ব্যস্ত ম্রুণাল। সম্প্রতি নারীদের পোশাক ও বাহ্যিক সৌন্দর্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, প্রত্যেকেরই নিজের জীবন নিজের মতো করে উপভোগ করার অধিকার রয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া বক্তব্যে ম্রুণাল বলেন, ‘এটা তাদের জীবন, তাদের পছন্দ। জীবনের প্রতিটি পর্যায় উপভোগ করার অধিকার সবারই আছে। আর আমরা কারা, এসব অসাধারণ নারীকে বিচার করার? আমরা কি ভুলে যাই, তারা কত ভালো কাজ করেছেন এবং চলচ্চিত্রশিল্প ও ব্যবসায় কতটা অবদান রেখেছেন?’
ক্যাটরিনা ও কৃতির প্রসঙ্গ টেনে এই অভিনেত্রী আরও বলেন, তাঁরা শুধু ভারতেই নয়, যুক্তরাজ্যসহ বিভিন্ন জায়গায় নিজেদের ব্যবসা পরিচালনা করছেন। ফলে তাঁদের ব্যক্তিগত বিষয় নিয়ে অন্যদের অযথা মন্তব্য করা উচিত নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাকারীদের প্রসঙ্গে ম্রুণাল বলেন, ‘মানুষ পাগল, আর কী-ই বা বলার আছে!’
নারীদের প্রতিনিয়ত নানা বিষয়ে বিচার ও সমালোচনার মুখোমুখি হতে হয় বলেও মন্তব্য করেন ম্রুণাল। তাঁর ভাষায়, নারীদের সব সময়ই বিচার করা হয়। তবে এখন শুধু নারীরাই নন, পুরুষেরাও একই ধরনের সমালোচনার শিকার হচ্ছেন।
গত মাসে আম্বানিদের গণেশ চতুর্থী উদ্যাপনে অংশ নিয়ে অনলাইনে ট্রলিংয়ের শিকার হন ক্যাটরিনা কাইফ। তাঁর ছেলে ভিহানের জন্মের পর শারীরিক গঠনে পরিবর্তন আসাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাঁকে নিয়ে কটাক্ষ করেন।
পরে লন্ডনে নিজের ব্র্যান্ডের একটি অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেন ক্যাটরিনা। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নেতিবাচক মন্তব্যকে নিজের ওপর এমনভাবে প্রভাব ফেলতে দিতে চান না, যাতে তা তাঁকে মানসিকভাবে স্থবির করে দেয়। অন্যদিকে, রক্ষা বন্ধন উপলক্ষে একটি গয়নার ব্র্যান্ডের বিজ্ঞাপনে পোশাক নির্বাচনের কারণে সমালোচনার মুখে পড়েন কৃতি স্যানন। বিতর্কের জেরে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কৃতি জানান, কারও অনুভূতিতে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না।
এদিকে, ম্রুণাল অভিনীত ‘পূজা মেরি জান’ একটি ক্রাইম থ্রিলারধর্মী সিনেমা। নাভজ্যোত গুলাটির পরিচালনায় নির্মিত ছবিটিতে পূজা নামের এক স্বাধীনচেতা তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি জি৫ (ZEE5) প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।