ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্নায় বসার পর দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউ এলাকায় তাঁর বাসভবনের সামনে থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের পাঁচ সাংসদকেও আটক করা হয়েছে।
আটক হওয়া সাংসদদের মধ্যে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সামিরুল ইসলাম ও সাকেত গোখলে।
পুলিশের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়, ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারার আওতায় দিল্লিতে ধর্না-অবস্থান ও পাঁচজনের বেশি মানুষের জমায়েতের অনুমতি নেই। তবে তিনি অবস্থান প্রত্যাহার করতে রাজি হননি। পরে পুলিশ সদস্যরা এসে তাঁকে ও অন্য নেতাদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যান।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিরোধী রাজনৈতিক নেতা ও সংগঠনগুলো দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি পালন করছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
একই দিনে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও দিল্লি পুলিশ আটক করেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস, এই সময়, দ্য স্টেটসম্যান
অরণ্য: ১০.১০.২৬