রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে থেকে শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি ও জুলাইযোদ্ধা আ ন ম আয়াশসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রবীন্দ্রনাথ ঠাকুরসহ লেখক, সাহিত্যিক ও চলচ্চিত্রকারদের ছবিতে কালি দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরসহ বিভিন্ন লেখক ও চলচ্চিত্রকারদের ছবিতে কালি দেওয়ার অভিযোগে তাদের থানায় নেওয়া হয়েছে। তারা বর্তমানে থানায় রয়েছেন।
এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শিল্পকলা একাডেমি-সংলগ্ন দেয়ালে ১০ জন লেখক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের ছবি আঁকা নিয়ে সমালোচনা দেখা দেয়। বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি দেয়ালচিত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ঔপন্যাসিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ছবি স্থান পায়। সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অংশ হিসেবে মৎস্য ভবনের দিকে শিল্পকলা একাডেমির সীমানাপ্রাচীরের বিপরীত পাশে দখলমুক্ত ফুটপাতে নতুন ডাস্টবিন ও বিশ্রামের বেঞ্চ স্থাপন করা হয়। ফুটপাতসংলগ্ন দেয়ালে আঁকা হয় বিভিন্ন গুণী ব্যক্তিত্বের ছবি।
দেয়ালচিত্রে বাংলাদেশের যেসব বিশিষ্ট ব্যক্তির ছবি স্থান পেয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ফকির লালন শাহ, শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পী এস এম সুলতান, চলচ্চিত্রকার জহির রায়হান, বাউল সম্রাট শাহ আবদুল করিম ও অভিনেতা হুমায়ূন ফরীদি।
অরণ্য- ১০.১০.২৬