মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে । বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরঙ্গীর মোড় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বণিক সমিতির সভাপতি হুমায়ুন কবির রাজা, ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকিসহ অভিভাবক ও ক্রীড়াবিদেরা। বক্তারা বলেন, ঐতিহাসিক এই নোমানী ময়দানে মাগুরার সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি ধর্মসভা, সংস্কৃতিক অনুষ্ঠান , ক্রীড়া, রাজনীতি চর্চা ও ভবিষ্যৎ প্রজন্ম শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ ও নির্মল বিনোদনের প্রাণকেন্দ্র এটি। কেন্দ্রীয় শহীদ মিনার তৈরির নামে শত বছরের ঐতিহ্যবাহী ইতিহাসের নীরব সাক্ষী এই নোমানি ময়দান সংকোচন এর প্রতিবাদ জানানো হয় এবং খেলার মাঠটি অবিকৃত রাখার দাবি জানান আয়োজকরা । তারা জানান, জেলা প্রশাসকের অফিসের ভেতরে বিশাল জায়গা পরিত্যাক্ত রয়েছে। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীতে এজি একাডেমীর মাঠেও প্রচুর জায়গা অব্যবহৃত পড়ে আছে। বিকল্প ব্যবস্থা থাকার পরও কেন জেলা প্রশাসক এ ধরনের সিদ্ধান্ত নিলেন তা তারা বুঝে উঠতে পারছেন না।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় নোমানী ময়দানের উত্তর-পশ্চিম কোনায় একটি উদ্বোধনী ফলক তৈরি করা হচ্ছে। তবে এখনো ফলক লাগানো সম্পন্ন হয়নি। এলাকাবাসীর দাবী এখানে শহীদ মিনার তৈরি করা হলে মাঠ ছোট হয়ে যাবে। ফলে নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরীর কারখানা এই মাঠটি ক্ষতিগ্রস্ত হবে। এলাকাবাসী জানান প্রশাসনের এ ধরনের হঠকারী কার্যক্রম চলতে থাকলে জনগণ আন্দোলন করতে বাধ্য হবে।