গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে উপজেলা ছাত্রদল নেতার বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মোঃ রিজভী (২৪)’র বিরুদ্ধে । গত সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ওই ছাত্রী তার বাসার সামনে দোকানে কেনাকাটা করতে যায়। সেখানে পূর্ব থেকে সহযোগীদের নিয়ে বসে ছিল ছাত্রদল নেতা রিজভী। দোকানের সামনে থেকে ওই ছাত্রীকে টানা হেঁছড়া করে জোর পূর্বক গাড়িতে তুলে ছাত্রীকে অপহরণ করে রিজভী ও তার সহযোগীরা।
অভিযুক্ত মোঃ রিজভী উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের মো. মনির হোসেনের ছেলে। সে স্থানীয় পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক। এঘটনায় ওই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
এ ঘটনায় ছাত্রদল নেতা রিজভী তার বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে ওই ছাত্রীর অভিভাবক ।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে কলেজ যাওয়া আসার পথে প্রায়ই উত্যক্ত করতো ছাত্রদল নেতা রিজভী। বিষয়টি ছাত্রী তার বাবা-মাকে জানায়। পড়ে ওই ছাত্রীর পরিবার ছাত্রদল নেতা রিজভীকে ওই ছাত্রীকে উত্যক্ত করতে বারণ করে। এতে রিজভীর উৎপাত আরো বেড়ে যায়। নিরুপায় গয়ে ওই ছাত্রীর বাবা-মা বিষয়টি রিজভীর বাবা মনির হোসেন ও মা নিলুফা বেগমকে জানান। ছেলেকে নিয়ন্ত্রন না করে উল্টো ওই ছাত্রীর বাড়িতে বিয়ে প্রস্তাব পাঠায় রিজভীর পরিবার। ছাত্রীর পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখান করে। এতে রিজভী ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে গত ২৮ সেপ্টেম্বর সকালে ওই ছাত্রী তার বাসার সামনে দোকানে কেনাকাটা করতে যায়। সেখানে পূর্ব থেকে সহযোগীদের নিয়ে বসে ছিল রিজভী। দোকানের সামনে থেকে ওই ছাত্রীকে টানা হেঁছড়া করে জোর পূর্বক গাড়িতে তুলে ছাত্রীকে অপহরণ করে রিজভী ও তার সহযোগীরা।
ঘটনার পরপরই দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে ২৮ সেপ্টেম্বর গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার মোঃ রাকিব হোসেন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে রিজভীকে বহিস্কার করে।
বক্তব্য জানতে ছাত্রদল নেতা রিজভীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন বলেন, দলীয় শৃংখলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ উঠায় রিজভীকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, এ ঘটনায় থানায় অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করতে অভিযান চালানো হয়। অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে পুলিশের অভিযান চলছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে ।