কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হওয়া দুই কিশোরীকে কক্সবাজার থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পরিবারের ওপর অভিমান করে তারা নিজেরাই বাড়ি ছেড়ে কক্সবাজারে গিয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে পুলিশ।
উদ্ধার হওয়া কিশোরীরা হলো চৌদ্দগ্রামের কাশিনগর এলাকার বসন্তপুর গ্রামের মহিন উদ্দিনের মেয়ে মাহিমা ইসলাম মাহি (১২) এবং যুগিরকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে তানিসা আক্তার (১৪)। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) লুৎফর রহমান।
পুলিশ জানায়, গত ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মাহিমা ও তানিসা কাশিনগর এলাকার আল-আমিন মহিলা মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়। কিন্তু নির্ধারিত সময়ে মাদ্রাসায় না পৌঁছানো এবং বাড়িতেও ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাদের খোঁজ করেন। সন্ধান না পেয়ে পরে চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি নিখোঁজ ডায়েরি করেন স্বজনরা।
এরপর কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় দুই কিশোরীর সন্ধানে অনুসন্ধান শুরু করে পুলিশ। চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে বিভিন্ন তথ্য ও প্রযুক্তিগত উপাত্ত বিশ্লেষণ করে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চালায়।
একপর্যায়ে কিশোরী দুজনের অবস্থান কক্সবাজারে শনাক্ত হয়। পরে কক্সবাজার ডিবি পুলিশের সহায়তায় সমুদ্রসৈকত এলাকার গ্রীণ প্যারাডাইজ হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরীরা জানায়, পরিবারের সদস্যদের ওপর অভিমান করে তারা স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজারে চলে যায়।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া দুই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।