মাদারীপুর সদর উপজেলায় একটি মসজিদের ইমামের থাকার কক্ষে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে মসজিদের পাশে থাকা টিনশেড কক্ষটির বেড়া ক্ষতিগ্রস্ত হয়ে উড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের পাশের একটি কক্ষে থাকতেন ইমাম মাওলানা মোহাম্মদ আকাশ হাওলাদার। গত পাঁচ দিন ধরে অসুস্থ হয়ে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তার অনুপস্থিতিতে কক্ষটির চাবি মসজিদের মোয়াজ্জেম মো. আলাউদ্দিন ওলিল আকনসহ কয়েকজনের কাছে ছিল।
মঙ্গলবার বিকেলে ইমামের তালাবদ্ধ কক্ষের ভেতর থেকে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা সেখানে গিয়ে বিস্ফোরণের বিষয়টি জানতে পারেন। বিস্ফোরণের আঘাতে কক্ষটির টিনের বেড়া উড়ে যায়। শব্দ শুনে মুহূর্তের মধ্যে মসজিদের সামনে স্থানীয়দের ভিড় জমে যায়।
খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের স্থান পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, হাতবোমা বিস্ফোরণের ঘটনার কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।