কুমিল্লা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বিজিবির কাছে হস্তান্তরের পর তাদের বাংলাদেশ পুলিশের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
বিজিবি সূত্রে জানা যায়, দুপুর ১টা ৩৫ মিনিটে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তের মেইন পিলার ২০৫৯-এর কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এবং ভারতের বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের কমান্ডার পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
বৈঠকে বিএসএফ আটক দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে দুপুর ১টা ৪২ মিনিটে বিজিবি তাদের বাংলাদেশ পুলিশের কাছে ফিরিয়ে দেয়।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। বিজিবি ও বিএসএফের মধ্যে কার্যকর যোগাযোগের মাধ্যমে দুই পুলিশ সদস্যকে ফেরত আনা সম্ভব হয়েছে।
#BangladeshPolice #BGB #BSF #Cumilla #Aronno_News