বগুড়ায় এক শরীরচর্চা শিক্ষককে গাছের ডাল দিয়ে মুখ ও ঘাড়ে আঘাত করার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষকের থুতনিতে আটটি সেলাই দিতে হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষার্থী বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের।
জানা যায়, স্কুল ছুটির পর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শরীরচর্চা শিক্ষক রায়হান ইসলাম। পথে এপিবিএনের সামনে ওই শিক্ষার্থীকে হাতে গাছের ডাল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। শিক্ষক সেখানে পৌঁছালে মোটরসাইকেল থামানোর পরই শিক্ষার্থীটি গাছের ডাল দিয়ে তাঁর মুখ ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
এতে রায়হানের থুতনিতে গুরুতর আঘাত লাগে এবং সেখানে আটটি সেলাই দিতে হয়। তাঁর ঘাড়েও আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি বাড়িতে অবস্থান করছেন।
বিদ্যালয়ের অধ্যক্ষ জানান, ঘটনার পর অভিযুক্ত শিক্ষার্থীকে মঙ্গলবার সকালে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।