যন্তর মন্তরে কর্মসূচির নতুন তারিখ নির্ধারণের দাবি; সময়ের মধ্যে জবাব না পেলে পরবর্তী আন্দোলনের ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিজেপি।
ভারতের দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভের নতুন তারিখ নির্ধারণের বিষয়ে পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ জবাব না দিলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সহ-সমন্বয়ক আশুতোষ রানকা। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দলের আরেক সহ-সমন্বয়ক সৌরভ দাসকে সঙ্গে নিয়ে পার্লামেন্ট স্ট্রিট থানায় যান আশুতোষ রানকা। সেখানে তাঁরা যন্তর মন্তরে বিক্ষোভ আয়োজনের নতুন তারিখ নির্ধারণের দাবি জানান।
রানকা বলেন, যন্তর মন্তর বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান। সেখানে তাঁরা কবে কর্মসূচি পালন করতে পারবেন, তা জানতে পুলিশের কাছে এসেছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিক্ষোভের বিষয়ে পুলিশকে সিদ্ধান্ত জানাতে হবে। অন্যথায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
কেন নতুন তারিখ চাইছে সিজেপি?
গত ১০ অক্টোবর যন্তর মন্তরে সিজেপির প্রস্তাবিত বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, স্বল্প সময়ের নোটিশে আবেদন, আগের বিক্ষোভে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এবং জননিরাপত্তা, যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে অনুমতি দেওয়া হয়নি।
পুলিশের দাবি, ৭ অক্টোবর প্রস্তাবিত কর্মসূচির বিষয়ে তাদের জানানো হয়েছিল। অর্থাৎ, বিক্ষোভের মাত্র তিন দিন আগে আবেদন করা হয়। পুলিশের বক্তব্য অনুযায়ী, এ ধরনের কর্মসূচির জন্য অন্তত ১০ দিন আগে আবেদন জমা দেওয়ার নিয়ম রয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের পরিকল্পনা করেছিল সিজেপি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমে কথিত অনিয়মের প্রতিবাদে দলটির চলমান আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি নেওয়া হয়েছিল।
এ ছাড়া আগের বিক্ষোভের প্রসঙ্গও তুলে ধরেছে পুলিশ। তাদের অভিযোগ, সিজেপির একটি কর্মসূচি নির্ধারিত সময়ের পরও চলেছিল, যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।
এ অবস্থায় বিক্ষোভের নতুন তারিখ নির্ধারণ নিয়ে সিজেপি ও দিল্লি পুলিশের মধ্যে বিরোধ আরও বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে পরবর্তী কর্মসূচি কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে, তা এখনো জানানো হয়নি।
অরণ্য নিউজ: ১২.১০.২৬