মাত্র ১৩ মাসের অধ্যবসায়ে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার কৃতিত্ব অর্জন করেছে ১০ বছর বয়সী মুহাম্মদ নাঈম আহমদ। পরিবারের আর্থিক সংকট ও নানা প্রতিকূলতার মধ্যেও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে তার এই সাফল্য অর্জিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার হিফজ বিভাগের শিক্ষার্থী নাঈম শিক্ষকের কাছে কোরআনের শেষ সবক শোনায়। এর মধ্য দিয়ে তার হিফজ সম্পন্ন হয়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করে।
নাঈমের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার চতুল-সরুফৌদ গ্রামে। প্রয়াত শফিক আহমদ ও মরিয়ম বেগম দম্পতির তিন ছেলে ও এক মেয়ের মধ্যে সে সবার ছোট। পিতৃহীন নাঈমের বেড়ে ওঠার পথে নানা বাধা এলেও পড়াশোনার প্রতি আগ্রহ ও দৃঢ় মনোবল তাকে এগিয়ে নিয়েছে।
নাঈমের মা মরিয়ম বেগম জানান, ছেলেকে হাফেজ হিসেবে গড়ে তোলার স্বপ্ন ছিল তাঁদের। কিন্তু স্বামীর মৃত্যুর পর আর্থিক সংকটের কারণে সন্তানদের পড়াশোনা চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম মাদ্রাসা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের পরিবারের পাশে দাঁড়ান।
মাত্র ১৩ মাসে কোরআনের ৩০ পারা মুখস্থ করার সাফল্যে নাঈমের পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। প্রতিকূলতার মধ্যেও তার এই অর্জন পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে গুরুত্বপূর্ণ এক ধাপ।