স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতাদের বৈঠক, সম্প্রীতি ও নিরাপত্তা নিয়ে আলোচনা
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। সোমবার (২২ জুন) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সাম্প্রদায়িক সম্প্রীতি, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল এ সাক্ষাতে অংশ নেয়। এ সময় প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন। বৈঠকে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরণ, আসন্ন দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং অর্পিত সম্পত্তি আইনসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সবার সমান অধিকারে বিশ্বাসী। তিনি অতীতে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোর সমালোচনা করে বলেন, বর্তমান সরকারের সময়ে এ ধরনের ঘটনার হার তুলনামূলকভাবে কম এবং বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলেও প্রশাসন তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এ সময় পূজা উদযাপন পরিষদের নেতারা সংখ্যালঘু সম্প্রদায়-সংক্রান্ত যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন ‘ফোকাল পয়েন্ট’ কর্মকর্তা নিয়োগের দাবি জানান। জবাবে মন্ত্রী বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।
আলোচনায় গাইবান্ধার পলাশবাড়ীতে রামমন্দির নির্মাণ এবং অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তীর বক্তব্য সম্পর্কিত বিষয়ও উঠে আসে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সব সম্প্রদায়ের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে-এমন কোনো বক্তব্য বা কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। দেশে শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সহাবস্থান বজায় রাখতে সকলের দায়িত্বশীল আচরণ জরুরি বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।