২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ, নিবন্ধন শেষ ২৬ সেপ্টেম্বর
২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজ পালনের প্রস্তুতি ও কার্যক্রমের বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত রোডম্যাপ প্রকাশ করা হয়। এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের ধর্মবিষয়ক মন্ত্রীদের কাছে হজের রোডম্যাপ হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন। এ সময় তিনি সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ গ্রহণ করেন।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এছাড়া আগামী ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হবে। রোডম্যাপে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু হবে। একই বছরের ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু করার পরিকল্পনা রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সৌদি আরবে বিভিন্ন সেবার ব্যয় পরিশোধের জন্য নুসুক মাসার প্ল্যাটফর্মের ই-ওয়ালেটে অর্থ স্থানান্তর কার্যক্রম চলবে চলতি বছরের ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। এ প্ল্যাটফর্মের মাধ্যমে তাঁবু, আবাসন, ক্যাটারিং, পরিবহনসহ বিভিন্ন সেবা প্যাকেজ গ্রহণের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর কার্যক্রম শুরু হবে ২০২৬ সালের ২৯ জুলাই এবং তা চলবে ২০২৭ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত।
এছাড়া ২০২৬ সালের ১৪ আগস্ট থেকে ২০২৭ সালের ২৮ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের তথ্য নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে। অন্যদিকে, হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোর সঙ্গে চুক্তি সম্পাদন এবং সংশ্লিষ্ট ডকুমেন্টেশন কার্যক্রম ২৯ জুলাই থেকে ৮ নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব পক্ষকে নির্ধারিত সময়সূচি অনুসরণ করে হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।