অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার অভিযোগ, সরকার পরিচালনার সময় আসিফ নজরুল বিভিন্ন বিষয়ে জটিলতা তৈরি করেছেন এবং দেওয়া প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেননি।
সম্প্রতি এক বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী আসিফ নজরুলের তীব্র সমালোচনা করেন। তবে একই সঙ্গে শিক্ষক হিসেবে তার প্রতি সম্মান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, সরকার গঠনের পর রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার বিষয়ে আসিফ নজরুল তাকে আশ্বস্ত করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। এ কারণেই আসিফ নজরুলের প্রতি নিজের ক্ষোভের কথা জানান এনসিপির এই নেতা।
সরকার গঠনের সময় বিভিন্ন বিষয়ে আসিফ নজরুলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিশেষ করে ঘোষণাপত্র ও জুলাই সনদসহ বিভিন্ন ইস্যুতে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনার সময় আসিফ নজরুল পরিবর্তনের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করেন নাসীরুদ্দীন।
ছাত্র-জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়ায় আসিফ নজরুলের বিভিন্ন পর্যায়ে উপস্থিতির কথাও তুলে ধরেন এনসিপির মুখ্য সমন্বয়ক। তার ভাষ্য অনুযায়ী, সেনানিবাসে যাওয়ার সময় আসিফ নজরুল নিজেকে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছিলেন।
নাসীরুদ্দীন আরও দাবি করেন, বঙ্গভবনে যাওয়ার সময় আসিফ নজরুলকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তাকে বাইরে বসিয়ে রাখা হয়েছিল। ওই সময় তিনি কোনোভাবে ভেতরে যাওয়ার চেষ্টা করলে সরকার গঠনের প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে আসিফ নজরুলের গবাদি পশু পালনের প্রসঙ্গ টেনে তার সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
তবে এসব অভিযোগ ও মন্তব্যের বিষয়ে ড. আসিফ নজরুলের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।