দেশে ফিরতে আরও কয়েক দিন লাগবে মির্জা আব্বাসের, যা জানা গেল
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হলেও দেশে ফিরতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছে দলটি।
সোমবার (৩ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, মালয়েশিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে মির্জা আব্বাসের চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে দেশে ফিরতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।
শায়রুল কবির খান মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগে গত ১৫ মার্চ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
পরে শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে গত ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর থেকেই সেখানে তার চিকিৎসা চলছে।