মন্ত্রিসভায় নতুন মুখ, বদলেছে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব
নতুন করে শপথ নেওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর মধ্যে মন্ত্রণালয় বণ্টন করা হয়েছে। পাশাপাশি একজন মন্ত্রীর দপ্তরেও পরিবর্তন আনা হয়েছে। এ বিষয়ে শুক্রবার (২১ আগস্ট) গভীর রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব নির্ধারণ করেছেন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। পরে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ান রাষ্ট্রপতি। নতুন চার মন্ত্রী হলেন-আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। আর নতুন দুই প্রতিমন্ত্রী হলেন টেকনোক্র্যাট হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)।
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদটি শূন্য হয়। নতুন মন্ত্রী আবদুল মঈন খানকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা রশিদুজ্জামান মিল্লাতকে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ওই মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আফরোজা খানম (রিতা) এখন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তার দায়িত্বে বহাল রয়েছেন। নতুন মন্ত্রী আন্দালিভ রহমান পার্থকে দেওয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব। নতুন প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার (লিংকন) ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) দায়িত্ব পালন করছেন।
টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হওয়া হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। একই মন্ত্রণালয়ে আগে থেকে প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা শামা ওবায়েদ ইসলামও দায়িত্বে বহাল থাকছেন। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়টির মন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন খলিলুর রহমান।