রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজার যাচ্ছেন মার্কিন প্রতিনিধি
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছাচ্ছেন। সফরকালে তিনি বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক ও কূটনৈতিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন এবং রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য কক্সবাজার সফর করবেন।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছানোর পর সার্জিও গরের একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। সফরের অংশ হিসেবে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
সূত্রগুলোর মতে, এই সফরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ এবং সাম্প্রতিক বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যুগুলো গুরুত্ব পাবে। পাশাপাশি বাংলাদেশের নতুন পররাষ্ট্র নীতির অগ্রাধিকার ও ভবিষ্যৎ কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে আগ্রহী মার্কিন প্রশাসন।
সফরের দ্বিতীয় দিনে শুক্রবার কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন সার্জিও গর। সেখানে তিনি শরণার্থী শিবির পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করতে পারেন বলে জানা গেছে।
সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বরাবরই ইতিবাচক ছিল এবং বর্তমান সরকারের সময়ে সেই সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রেও অগ্রগতি অব্যাহত রয়েছে।
কূটনৈতিক মহলের প্রত্যাশা, সার্জিও গরের এই সফর ঢাকা-ওয়াশিংটন সম্পর্ককে আরও গতিশীল করবে এবং অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে সার্জিও গর ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একই সঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কাসহ অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা কার্যক্রম তদারকি করছেন। এর আগে তিনি নেপাল ও শ্রীলঙ্কা সফর করেছেন।