রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন তিনি। কারা এ গুলির ঘটনা ঘটিয়েছে তা নিয়ে ধোয়াশা তৈরী হয়েছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলি চালানোর সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর।
তবে কারা, কী কারণে এ হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।
ওসি জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলার কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। সংগীতশিল্পী হিসেবে জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।