নান্নুসহ ৮ পরিচালক বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন। তবে ভোটগ্রহণের আগেই বেশ কয়েকটি পরিচালক পদে ফল নির্ধারিত হয়ে গেছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তিনজন প্রার্থী সরে দাঁড়ানোয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আটজন পরিচালক।
সোমবার দুপুরে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করে। কমিশন সূত্রে জানা গেছে, ক্যাটেগরি-১ (বিভাগ ও জেলা) থেকে এখন কেবল দুটি বিভাগে ভোট হবে। অন্যদিকে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে ক্যাটেগরি-২ বা ক্লাব ক্যাটেগরিতে।
প্রার্থিতা প্রত্যাহারের দিনে চট্টগ্রাম বিভাগ থেকে ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরীফুল ইসলাম অপু মনোনয়ন তুলে নেন। ফলে এই বিভাগ থেকে সাবেক জাতীয় অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার মঈন উদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন।
ক্যাটেগরি-১ থেকে আরও যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন-ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ, সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সাল আমীন। অন্যদিকে ক্যাটেগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক অধিনায়ক ও সংস্থা) থেকে একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মো. আলমগীর। অভিজ্ঞ এই সংগঠক ২০০৫ সালে প্রথমবার বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছিলেন এবং নাজমুল হাসান পাপনের প্রথম পরিচালনা পর্ষদেও দায়িত্ব পালন করেন।
এখন ক্যাটেগরি-১ এ কেবল খুলনা ও বরিশাল বিভাগে ভোট হবে। খুলনায় দুটি পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মো. আব্দুছ সালাম। বরিশালে একমাত্র পরিচালক পদের জন্য লড়বেন মো. মিজানুর রহমান ও মো. মুনতাসির আলম চৌধুরী। সবচেয়ে জমজমাট লড়াই হবে ক্যাটেগরি-২ এ। ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব কাউন্সিলরদের এই ক্যাটেগরিতে ১২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন প্রার্থী। এই তালিকায় রয়েছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও।
ক্লাব ক্যাটেগরির প্রার্থীদের মধ্যে আরও আছেন আবাহনী লিমিটেডের ফাহিম সিনহা, মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাসুদুজ্জামান, শাইনপুকুর ক্রিকেট ক্লাবের আসিফ রব্বানী, উত্তরা ক্রিকেট ক্লাবের ফৈয়াজুর রহমান, বসুন্ধরা রাইডার্সের ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিকসহ দেশের বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা।
নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ক্রিকেটাঙ্গনে আলোচনা ও উত্তেজনা বাড়তে শুরু করেছে।