সন্তান যত দূরেই থাকুক, বাবা-মায়ের হৃদয় ও দোয়া থেকে সে কখনো দূরে থাকে না। উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থানরত ছেলেকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা এক বাবার আবেগঘন খোলা চিঠিতে উঠে এসেছে ভালোবাসা, ধর্মীয় মূল্যবোধ এবং একজন আদর্শ মানুষ হয়ে ওঠার অনন্য দিকনির্দেশনা।
চিঠিটি শুধু একজন বাবার ব্যক্তিগত অনুভূতির প্রকাশ নয়; বরং প্রতিটি সন্তানের জন্য এটি হতে পারে জীবন চলার পথের মূল্যবান শিক্ষা। দুনিয়ার সাফল্যের পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি অর্জন, পাঁচ ওয়াক্ত সালাত আদায়, সততা, পবিত্রতা, সুন্দর চরিত্র এবং বাবা-মায়ের জন্য দোয়া করার যে আহ্বান এতে জানানো হয়েছে- তা সব বয়সী সন্তানের জন্যই অনুসরণীয়। ছেলের প্রতি সেই বাবার খোলা চিঠিটি অরণ্য নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো--
ছেলের কাছে বাবার খোলা চিঠি
প্রিয় বাবা,
তুমি আজ হাজার হাজার মাইল দূরে—উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ার মাটিতে। প্রতিদিন আগের মতো তোমার সঙ্গে দেখা হয় না, পাশে বসে কথা বলা হয় না। কিন্তু মনে রেখো, দূরত্ব তোমাকে আমার চোখের আড়ালে রাখতে পারে, হৃদয় থেকে নয়।
হাজার হাজার মাইল দূরে থেকেও তুমি আমার হৃদয় থেকে একটুও দূরে নও। আমার প্রতিটি দোয়ায়, প্রতিটি চাওয়ায় নীরবে তোমার জন্যই আল্লাহর কাছে হাত ওঠে।
বাবা, জীবনে তুমি অনেক বড় হও, নিজের পরিচয় তৈরি করো এবং সম্মানের সঙ্গে বাঁচো—এটাই আমার চাওয়া। তবে সবকিছুর আগে আমি চাই, মহান আল্লাহ যেন তোমার প্রতি সন্তুষ্ট থাকেন।
তোমার যত ব্যস্ততাই থাকুক, পাঁচ ওয়াক্ত সালাত কখনো অবহেলা কোরো না। নামাজকে শুধু কর্তব্য হিসেবে নয়, আল্লাহর সঙ্গে তোমার প্রতিদিনের সাক্ষাৎ হিসেবে ভালোবাসতে শেখো। মনে রেখো, দুনিয়ার সব ব্যস্ততার মধ্যেও আল্লাহর সামনে দাঁড়ানোর সেই কয়েকটি মুহূর্তই তোমার হৃদয়ে সবচেয়ে বড় শান্তি এনে দিতে পারে।
নিজেকে পবিত্র ও পরিচ্ছন্ন রাখবে, মনকেও পবিত্র রাখবে। মিথ্যা ও অন্যায় থেকে দূরে থাকবে এবং ভালো মানুষের সঙ্গ গ্রহণ করবে। নিজের মধ্যে এমন সুন্দর চরিত্র গড়ে তুলবে, যেন তোমাকে দেখে মানুষ তোমার বাবা-মাকেও সম্মান করে।
হে আল্লাহ, আমার ছেলেটিকে সব সময় তোমার রহমতের ছায়ায় রেখো। সে যেখানেই থাকুক, তাকে তোমার হেফাজতে রেখো। তার ঈমান ও সালাতকে মজবুত করো, তাকে হালাল রিজিক দাও এবং দুনিয়া ও আখিরাতে সফল করো। আমিন।
বাবা, তোমার কাছে আমার বড় কোনো চাওয়া নেই। শুধু ভালো মানুষ হয়ে থেকো, আল্লাহকে ভালোবাসো, সালাতকে আঁকড়ে ধরো এবং বাবা-মায়ের জন্য দোয়া কোরো। তুমি আমাদের চোখের আড়ালে থাকতে পারো, কিন্তু আমাদের হৃদয় ও দোয়ায় সব সময় আছো।
অনেক ভালোবাসা ও অশেষ দোয়া রইল, বাবা।
-- তোমার বাবা ❤️
প্রতিটি সন্তানের জন্য যে শিক্ষা
একজন আদর্শ বাবা সন্তানের জন্য শুধু পার্থিব সাফল্য চান না; তিনি চান, তাঁর সন্তান একজন সৎ, মানবিক, ধর্মপরায়ণ ও সুন্দর চরিত্রের মানুষ হয়ে উঠুক। এই বাবার আকুতি তাই শুধু একটি পরিবারের কথা নয়—এ যেন পৃথিবীর সব সন্তানের প্রতি সব দায়িত্বশীল বাবার মনের কথা।
জীবনের পথে সাফল্য অর্জন গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সাফল্য তখনই পরিপূর্ণতা পায়, যখন মানুষ সততা, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ এবং বাবা-মায়ের দোয়াকে সঙ্গে নিয়ে এগিয়ে যায়। দূরদেশে থাকা প্রতিটি সন্তান এই চিঠির কথাগুলো হৃদয়ে ধারণ করুক—আল্লাহকে স্মরণ করুক, সালাতকে আঁকড়ে ধরুক এবং এমন মানুষ হয়ে উঠুক, যাকে নিয়ে তার বাবা-মা গর্ব করতে পারেন।