বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী কে হচ্ছে ? আজই জানা যাবে
দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে কে বসছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। এর মধ্যেই আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে।
একই দিন রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সরকারের সিনিয়র মন্ত্রী ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। বৈঠক শেষে দুপুর ১টার দিকে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়ার প্রস্তুতি রয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্য থেকে একজন প্রস্তাবক এবং আরেকজন সমর্থক হিসেবে স্বাক্ষর করবেন।
দলীয় সূত্র জানায়, বৈঠকটিকে বিএনপির স্থায়ী কমিটির আনুষ্ঠানিক সভা হিসেবে দেখানো হচ্ছে না। তবে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত আগেই চূড়ান্ত করা হয়েছে। বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি সর্বসম্মতভাবে প্রার্থী নির্বাচনের দায়িত্ব দলের চেয়ারম্যানের ওপর দিয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্রে দলের একজন সংসদ সদস্যকে প্রস্তাবক এবং আরেকজন সংসদ সদস্যকে সমর্থক হিসেবে স্বাক্ষর করতে হবে। মূলত এ আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। এদিকে রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রাজনৈতিক অঙ্গনে বেশ জোরালোভাবে আলোচিত হচ্ছে। তবে বুধবার পর্যন্ত বিএনপির পক্ষ থেকে তার নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ইতোমধ্যে রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদের নাম ঘোষণা করেছে। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিএনপির প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে।