রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে হকার বসার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের মিডিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন, জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কে কোনো হকারকে বসতে দেওয়া হবে না। যারা বর্তমানে সেখানে ব্যবসা করছেন, তাদের সময় থাকতে স্বেচ্ছায় সরে যাওয়ার আহ্বান জানান তিনি।
তবে হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে বিকল্প ব্যবস্থা করার কথাও জানান আবদুস সালাম। তিনি বলেন, মতিঝিলে অফিস সময় শেষে নাইট মার্কেট চালুর পরিকল্পনা রয়েছে। সেখানে বিকেল ৪টার পর হকাররা নির্ধারিত স্থানে ব্যবসা করতে পারবেন।
তিনি আরও বলেন, সপ্তাহের সাত দিন সব জায়গায় হকার বসিয়ে রাখার সুযোগ নেই। নির্ধারিত স্থানেই নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। একই সঙ্গে পরিচ্ছন্নতা ও নগরের পরিবেশ বজায় রাখার বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে।
রাজধানীতে চলমান বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, পরিবেশ সুরক্ষার পরিকল্পনার অংশ হিসেবে নগরের বিভিন্ন স্থানে গাছ লাগানো হচ্ছে। পর্যায়ক্রমে সব ফ্লাইওভারের নিচেও বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে।
ডিএসসিসি এলাকায় সুবিধাজনক স্থানগুলো চিহ্নিত করে বৃক্ষরোপণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় পরিকল্পনার অংশ হিসেবে দক্ষিণ সিটি করপোরেশনের প্রাথমিক লক্ষ্য ৩ লাখ গাছ লাগানো। তবে নির্ধারিত লক্ষ্যের চেয়েও বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে প্রায় ৬৭ হাজার গাছ লাগানো হয়েছে।
পুরান ঢাকার নাগরিক সমস্যা নিয়েও কথা বলেন আবদুস সালাম। তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ণ ও ঘনবসতির কারণে এ অঞ্চলে নানা ধরনের নাগরিক সংকট রয়েছে। এসব সমস্যা সমাধানে সিটি করপোরেশন কাজ করছে। পাশাপাশি তরুণ, শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা নিজ নিজ এলাকার পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে এলে নগর ব্যবস্থাপনার কাজ আরও সহজ হবে।
ব্যবসায়ী ও অফিস কর্মকর্তাদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, নগরকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।