সকল সরকারি দপ্তরের জন্য জুরুরি নির্দেশনা, পরিপত্র জারি
দেশের সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে সোমবার (১০ আগস্ট) একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের বড় অংশ সৌরবিদ্যুৎ থেকে সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের সিংহভাগ সৌরবিদ্যুৎ থেকে নিতে হবে।
এ ছাড়া অন্যান্য সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে ধাপে ধাপে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে। এর আগে গত ৩ আগস্ট সচিবালয়ে সৌরবিদ্যুৎ নিয়ে অনুষ্ঠিত এক সভায় জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় সোলার ইনভার্টার উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ক্ষেত্রে সরকারি সহায়তা দেওয়ার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষের জন্য সৌরবিদ্যুৎকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করার পাশাপাশি এ খাতকে লাভজনক করতে কার্যকর অর্থনৈতিক মডেল তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে বঙ্গভবন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের ভবন, পরিকল্পনা কমিশনসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে।
সরকারের এ উদ্যোগের লক্ষ্য হিসেবে জ্বালানি সংকট মোকাবিলার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ ব্যবস্থায় সৌরশক্তির অংশ বৃদ্ধি করার কথা জানানো হয়েছে।