জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এ বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্ঠরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে পৌঁছালে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান সানায়ে তাকাইচি।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপানের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে বাংলাদেশ ও জাপানের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে গার্ড পরিদর্শন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। গার্ড অব অনার অনুষ্ঠান শেষে তারেক রহমান তাঁর সফরসঙ্গীদের জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। একইভাবে সানায়ে তাকাইচি তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন। পরিচয় পর্ব শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূল ভবনে প্রবেশের পথে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারেক রহমান। পরে দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।
বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করা, বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাওয়ার কথা রয়েছে। বৈঠকে আলোচনার ফলাফল নিয়ে মঙ্গলবার দুপুরে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।