দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ২৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জনে।
রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, ময়মনসিংহ বিভাগে দুজন এবং খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
এ সময়ে ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে সর্বোচ্চ ৬০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৭৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭ জন, রাজশাহী বিভাগে ২২৪ জন, চট্টগ্রাম বিভাগে ২১৭ জন, বরিশাল বিভাগে ২১১ জন, ময়মনসিংহ বিভাগে ১৫৫ জন, রংপুর বিভাগে ৮২ জন এবং সিলেট বিভাগে ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ১৮৩ জন, খুলনা বিভাগে ৬৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ২৫ জন, রংপুর বিভাগে সাতজন এবং সিলেট বিভাগে তিনজন মারা গেছেন।
হামে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে ১ হাজার ৩৫৬ জন শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২৭ জনে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ১৬৪ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৬ জন। ফলে নিশ্চিত হাম আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৩ হাজার ৪০০ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৭০৩ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৮ হাজার ৬৭৪ জন।
#DengueUpdate #Measles #HealthNews #BangladeshNews #Aronno_News