পুরান ঢাকার বহুল আলোচিত দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলার আপিল দ্রুত শুনানির জন্য আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। প্রায় ১৪ বছর আগে সংঘটিত এ হত্যাকাণ্ডের মামলায় উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও আসামিপক্ষের করা আপিল শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে বিশ্বজিৎ দাসকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ২০১৩ সালের ৫ মার্চ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
হত্যাকাণ্ডের ওই বছরের ১৮ ডিসেম্বর ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আটজনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও কারাবন্দিদের আপিলের শুনানি শেষে ২০১৭ সালের ৬ আগস্ট রায় দেন হাইকোর্ট। আদালত রফিকুল ইসলাম শাকিল ও রাজন তালুকদারের মৃত্যুদণ্ড বহাল রাখেন। অন্যদিকে সাইফুল ইসলাম ও কাইয়ুম মিঞা টিপুকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়।
এ ছাড়া মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জি এম রাশেদুজ্জামান শাওন ও মীর মো. নূরে আলম লিমনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিচারিক আদালতের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এএইচএম কিবরিয়া ও গোলাম মোস্তফাকে খালাস দেন হাইকোর্ট।
অন্যদিকে, রায়ের বিরুদ্ধে আপিল না করায় বিচারিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আরও ১১ আসামির সাজা বহাল থাকে। তাঁরা হলেন খন্দকার ইউনুস আলী, তারেক বিন জোহর, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল আমিন শেখ, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, কামরুল হাসান ও মোশাররফ হোসেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও আসামিপক্ষ আপিল করে। এবার সেই আপিল দ্রুত শুনানির জন্য আপিল বিভাগে আবেদন করল রাষ্ট্রপক্ষ।
#BishwajitDas #BangladeshNews #CourtNews #JusticeForBishwajit #Aronno_News