অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ঢালিউড অভিনেতা আরিফিন শুভর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!’ ক্যাপশন দিয়েছেন তিনি। আর এতেই ভক্তদের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
প্রকাশিত ছবিগুলোতে চমক ও আরিফিন শুভকে একটি সুসজ্জিত হোটেলকক্ষে হাস্যোজ্জ্বল মুহূর্তে দেখা গেছে। একটি ছবিতে শুভকে চমকের মুখে খাবার তুলে দিতেও দেখা যায়। তাঁদের এমন উপস্থিতি দেখে অনেকে ধারণা করছেন, এটি নতুন কোনো নাটক বা সিনেমার অংশ হতে পারে।
বিষয়টি নিয়ে চমকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আপাতত এ নিয়ে কিছু বলতে পারছি না। তবে সুখবর তো আছেই! একটু সময় নিয়ে অচিরেই বিস্তারিত জানাব।’
চমকের বক্তব্যে নতুন কাজের সম্ভাবনা নিয়ে কৌতূহল আরও বেড়েছে। তবে ছবিগুলো কোনো নাটক, সিনেমা নাকি অন্য কোনো আয়োজনের অংশ, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে আরিফিন শুভর বক্তব্যও জানা যায়নি।
উল্লেখ্য, ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মধ্য দিয়ে পরিচিতি পান রুকাইয়া জাহান চমক। পরে ২০২০ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন তিনি। চিকিৎসাবিদ্যায় এমবিবিএস সম্পন্ন করা এই অভিনেত্রী ২০২৪ সালের ২১ জুন ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করেন।
চমক ও শুভর ছবির রহস্য জানতে এখন তাঁদের পরবর্তী ঘোষণার অপেক্ষায় ভক্তরা।