দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এসব অপচেষ্টা প্রতিহত করতে এবারের দুর্গাপূজায় নিরাপত্তাবলয় গড়ে তুলতে সরকার সার্বিক উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিগত বছরগুলোর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল প্রসঙ্গে রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনার সরকার জোর করে পাসের হার বাড়িয়ে দেখিয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত লেখাপড়ার আকাঙ্ক্ষা দমিয়ে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, জোর করে পাসের হার বাড়ানো কিংবা শিক্ষার ক্ষেত্রে মিথ্যা পরিসংখ্যানের আশ্রয় তারেক রহমান গ্রহণ করেননি।
বিরোধী দলের নেতাদের ভূমিকা নিয়েও বক্তব্য দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বিরোধী দলের নেতারা সংসদে স্বাধীনভাবে কথা বলছেন। তাদের বক্তব্যের মধ্যে ভুল ও মিথ্যা কথাও রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে এসবের কারণে কাউকে গ্রেপ্তার হতে হচ্ছে না কিংবা সরকারি নিপীড়নের শিকার হতে হচ্ছে না। রিজভীর ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনার শাসনামলে বিরোধীদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো।