রাজধানীর পাঁচ তারকা হোটেল আমারিতে পারমিট ছাড়া মদ্যপানের অভিযোগে সাতজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই রাতে কিংফিশার বারে বৈধ কাগজপত্রবিহীন ১৪ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, ব্লিজ আর্ট বারে অভিযান চালাতে গিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়। পরে বারটির কার্যক্রম ও সম্ভাব্য অনিয়ম যাচাইয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন অধিদপ্তরের কর্মকর্তারা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর এসব প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়। গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানগুলো চালানো হয়।
অধিদপ্তর জানায়, অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বার পরিচালনার লাইসেন্স, শর্ত প্রতিপালন ও আইনগত বৈধতা যাচাই করা হয়। হোটেল আমারিতে পারমিট ছাড়া মদ্যপানের অভিযোগে সাতজনকে পাওয়ার ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।
এ ছাড়া কিংফিশার বারে বৈধ কাগজপত্রবিহীন ১৪ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায়ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে, অভিযানকালে ব্লিজ আর্ট বার বন্ধ থাকায় সেখানকার কার্যক্রম ও সম্ভাব্য অনিয়ম সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য সিসিটিভি ফুটেজ নেওয়া হয়।
অধিদপ্তর আরও জানায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর ১৫(১) ধারা অনুযায়ী প্রযোজ্য আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।
মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, বার পরিচালনায় লাইসেন্সের শর্ত নিশ্চিত করা এবং মাদকসংক্রান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।